স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেলো স্বামী

আপডেট : ২৪ মে ২০২১, ১৮:৫৯

সিরাজগঞ্জের কামারখন্দে কাজলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাসপাতালে লাশ রেখে পালিয়েছেন তার স্বামী। সোমবার (২৪ মে) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এই ঘটনাটি ঘটে। মৃত কাজলী বেগম জেলার কামারখন্দ উপজেলার বালুকুল গ্রামের ফারুখ হোসেনের স্ত্রী। 

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শামিমুর রহমান ও কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, সোমবার সকালে অজ্ঞান অবস্থায় কাজলি খাতুনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বামী ফারুখ হোসেন। জরুরি বিভাগে ঐ নারীকে মৃত ঘোষণা করা হলে মরদেহ রেখে পালিয়ে যায় তার স্বামী। ভর্তির সময়ে ঐ নারী বিষপান করেছে উল্লেখ করা হলেও তার সারা শরীরে ধুলা-বালিতে মাখা ছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

ওসি আরও বলেন, কাজলি খাতুনের বাবা মা নেই। মামা তার অভিভাবক। কাজলির মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী ফারুখ হোসেন পালিয়ে যায়। ঘটনাটি উভয় পরিবারকে অবগত করা হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু না তাকে হত্যা করা হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। পরে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমএএম