ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার লোহাশহর উচ্চ বিদ্যালয় ও লোহাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় একই মাঠে অবস্থিত। তিন দিন আগে বিদ্যালয় মাঠে সড়ক নির্মাণের সামগ্রী পাথর ও বালু স্তূপ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিভাবকরা বলেন, বিদ্যালয় মাঠে খালি পায়ে হাঁটা যায় না। ছোট পাথরের কণাগুলো পায়ে বিধে। আমরা বিদ্যালয় মাঠে পাথর রাখার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলাম কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। এক শিক্ষার্থী বলে, আমরা প্রতিদিন মাঠে খেলাধুলা করি। তিন দিন ধরে আমাদের খেলাধুলা বন্ধ রয়েছে। এ বিষয়ে লোহাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম জানান, বিদ্যালয় মাঠে সড়কের নির্মাণসামগ্রী না রাখার জন্য বাধা দিয়েছিলাম। পরে উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী রেখেছে। লোহাশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল হক অবশ্য মাঠে নির্মাণসামগ্রী রাখার অনুমতি দিয়েছেন বলে তিনিই জানান। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয় মাঠ কি নির্মাণসামগ্রী রাখার জায়গা! বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
