প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলার ১২ বছর পূর্তিতেও মানবেতর জীবনযাপন করছেন দাকোপের ক্ষতিগ্রস্ত প্রায় ৬০০ পরিবার। তারা বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। সুশান্ত, ভবতোষসহ একাধিক ব্যক্তি জানান, সরকার নতুন করে পুনর্বাসনের ব্যবস্থা না করলে তাদের এ দুর্ভোগ কাটবে না। সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, তাদের জায়গাজমি না থাকায় এবং অনেকের জায়গা বেড়িবাঁধের বাহিরে পড়ায় তারা ঘরে ফিরতে পারছে না। কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মণ্ডল জানান, সরকার খাস জমিতে আরো অনেক গুচ্ছগ্রাম করে দিলে ঐ সব পরিবার ঘরে ফেরানো সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, ভূমি ও গৃহহীন প্রত্যেক পরিবারকে পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে।
