২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল ত্রুটিপূর্ণ উল্লেখ করে দায়েরকৃত রিটের ওপর গতকাল সোমবার শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
গত ১৯ মে মেডিক্যাল ভর্তিচ্ছু ফেরদাউস জাহান মারিয়াসহ ৩২৪ পরীক্ষার্থীর পক্ষে এ রিট দায়ের করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
রিট আবেদনে বলা হয়, চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল ত্রুটিপূর্ণ। এতে বড় ধরনের অসংগতি রয়েছে। বিষয়টি বিবেচনার দাবি রাখে। রিটে প্রকাশিত ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম স্থগিত এবং ফল পুনর্নিরীক্ষণ করে নতুন মেধাতালিকা প্রণয়নের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
