চলে গেলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মাহমুদ

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৪৫

মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মাহমুদ (৬৬) আর নেই। গতকাল রবিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। সাইফুল ইসলাম মাহমুদ বেশ কিছুদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের মেজ ভাই।

ঢাকা থিয়েটারের হয়ে তার নাট্যযাত্রা শুরু, পরবর্তীকালে তিনি মহাকাল নাট্য সম্প্রদায় গড়ে তোলেন। তার ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পথনাটক পরিষদ। সাইফুল ইসলাম মাহমুদকে গতকাল বাদ জোহর পুরানা পল্টন বটতলা মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।