বিয়ে করে ২০০ বছরের রেকর্ড ছোঁবেন বরিস

আপডেট : ২৪ মে ২০২১, ২২:২৪

সন্তানের বাবা হলেও আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারছেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে দেশটির গণমাধ্যম জানিয়েছে, অবশেষে আগামী বছর গির্জায় গিয়ে ঈশ্বরকে স্বাক্ষী রেখে কেরি সাইমন্ডসকে ‘আই ডু’ বলবেন বরিস যার ঘরোয়া নাম বোজো। পরিচয়ের পর থেকে প্রেমিকা কেরিও নিশ্চয়ই তাকে এ নামেই ডাকেন। ১৮২২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করার প্রথম দৃষ্টান্ত রেখেছিলেন লর্ড লিভারপুল। একটু দেরিতে অর্থাত্ ২০২২ সালে কেরি সাইমন্ডসকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলে ঠিক ২০০ বছর পরই সেই রেকর্ড স্পর্শ করবেন বরিস জনসন।

ব্রিটেনের দ্য সান পত্রিকা জানিয়েছে, অ্যাসপিনাল ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মী কেরি নাকি ইতিমধ্যে বন্ধু ও আত্মীয়স্বজনদের বিয়ের দাওয়াতও দিতে শুরু করেছেন। সম্ভবত ২০২২ সালের ৩০ জুলাই বিয়ে হতে পারে। তবে কোথায় হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিপুল জয়ের আগেই কেরিকে পেয়েছিলেন।

এক চ্যারিটি প্রোগ্রামে পরিচয়, পরিচয় থেকে প্রেম, তারপর বাগদান এবং এর কিছুদিনের মধ্যেই করোনা মহামারি। ফলে দুজন বারবার খবরের শিরোনামে এলেও করোনার প্রাদুর্ভাবের কারণে বিয়ের ঘোষণাটা দিতে পারেননি। অবশ্য তাতে যৌথ জীবনযাপন থেমে থাকেনি। ব্রিটেনের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন ডাউনিং স্ট্রিটে বিয়ে না করা সঙ্গিনীকে নিয়ে বসবাস শুরু করেন ২০১৯ সালের জুলাইয়ে। পরের বছর ৫৬ বছর বয়সি বরিস আর ৩৩ বছর বয়সি কেরির ঘর আলো করে আসে ছেলে উইলফ্রেড। করোনা মহামারি না থাকলে এতদিনে নিশ্চয়ই বিয়েটাও হয়ে যেত। সেক্ষেত্রে লর্ড লিভারপুলের পাশে বরিস জনসন নামটাও বসে যেত।—ডয়চেভেলে