করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে পর্যদুস্ত ভারতে ১৪ এপ্রিলের পর প্রথম বারের মতো দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখের নিচে নেমেছে। রয়টার্স
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় আরো ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত নতুন রোগীদের নিয়ে ভারতে সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে দেশটি। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনের। মাত্র এক দিন আগে ৩ লাখ মৃত্যুর দুঃখজনক মাইলফলক অতিক্রম করেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।
