বিবিসি ও আলজাজিরা
ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে ১১ দিনের সংঘর্ষ শেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। গতকাল মঙ্গলবার চার দিনের এই রাষ্ট্রীয় সফরের শুরুতেই ইসরাইলে পা রেখেছেন তিনি।
এই সফরে ব্লিনকেন ইসরাইলের তেল আবিব শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত্ করবেন। এরপর তিনি যাবেন পশ্চিম তীরের রামাল্লায়। সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ব্লিনকেন। তবে এ দুই নেতার সঙ্গে সাক্ষাত্ করেই সফর শেষ নয়। এর পরেই তিনি যাবেন পার্শ্ববর্তী দেশ মিশর ও জর্ডানে। ১১ দিন পর যুদ্ধবিরতিতে মিশরের মধ্যস্থতার জন্য দেশটিকে স্বাগতও জানানোর কথা রয়েছে তার।
অনেকেই মনে করেন, ফিলিস্তিনে ইসরাইলি হামলার পেছনে মার্কিন সমর্থন রয়েছে। রয়েছে অস্ত্র ও মিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতা। এ ধরনের নানা অভিযোগ রয়েছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। ঠিক এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষক মনে করছেন, ব্লিনকেনের এই সফর আপাতত কিছুদিনের জন্য মধ্যপ্রাচ্যে কিছুটা স্থিতিশীলতা আনতে পারে।
০
