স্পোর্টস রিপোর্টার
আগেভাগে কাতার গিয়ে প্রস্তুতি নেওয়ার কথা, ছিল সেটা হয়নি। সৌদি আরবের দাম্মামে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল খেলোয়াড়রা বিমানে ওঠার প্রস্তুতি নিয়েও হয়নি। দাম্মাম যাওয়া এখনো অনিশ্চিত। সময় যত যাচ্ছে সম্ভাবনাও কমে যাচ্ছে। যাওয়া হচ্ছে না অনেকটাই নিশ্চিত। বিদেশের মাটিতে প্রস্তুতি নেওয়ার হাঁকডাক দিয়ে এখন আর সংশ্লিষ্টরা ফোনও ধরছেন না। এখন শোনা যাচ্ছে ঢাকায় প্রস্তুতি ম্যাচ হতে পারে।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া জানালেন কোচ জেমি ডে চোখ রাখছেন প্রতিপক্ষ দলগুলোর ম্যাচে। সেই অনুযায়ীই পরিকল্পনা সাজাবেন। অনুশীলন শেষে অধিনায়ক জামাল ভুইয়া জানালেন, ‘আজকে (গতকাল) আফগানিস্তানের খেলা আছে ইন্দোনেশিয়ার সঙ্গে। কোচ ম্যাচ দেখবেন। তারপর আমরা আলাপ করব তারা কীভাবে খেলে।’ দলের বর্তমান অবস্থা নিয়ে জামাল বলেন, ‘আলোচনা এখনো শুরু হয়নি। কিছু ফুটবলারের ইনজুরি আছে। অনুশীলন ম্যাচ খেললে বোঝা যাবে দলের সার্বিক অবস্থা। কিছু করার নেই। যারা আছে তারাই খেলবে।’
প্রস্তুতি ম্যাচ খেলতে এবং মানিয়ে নিতে সৌদি আরবে যাওয়া হলো। জামালের চোখে ক্ষতি হয়েছে। বললেন, ‘ক্ষতি তো হয়েছেই। কারণ আফগানিস্তান এক মাস আগে অনুশীলন শুরু করেছে। ভারত আরো আগে শুরু করেছে। তারা এরই মধ্যে পরিকল্পনাও করে ফেলেছে কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে।’ কাতারে বাংলাদেশের বিপক্ষে আফাগনিস্তানের ম্যাচ ৩ জুন। জামাল বললেন, ‘আফগানিস্তান অনেক আগে থেকেই পরিকল্পনা করে এগোচ্ছে। আর আমরা তো মাত্র পরিকল্পনা করছি। প্রস্তুতি ম্যাচ খেললে বোঝা যেত আমাদের দুর্বলতাগুলো। আমাদের প্রস্তুতি ম্যাচই নেই।’ জামাল বলেন, ‘দুই বছর আগে আমরা ভুটানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে এক মাস অনুশীলন করে কাতার এবং ভারতের বিপক্ষে মাঠে নেমিছিলাম। তখন পারফরম্যান্স ভালো হয়েছিল। এখন নতুন অনেক ফুটবলার এসেছে। ট্যাকটিক্যাল অনেক বিষয় আছে।’
