মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। ২৪ ঘণ্টায় নুতন করে আরো ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন পাঁচ জন। লকডাউনের প্রথম দিনে জেলা সদরে ২৭টি স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া প্রতিটি থানা এলাকায় রাস্তার মোড়ে মোড়েও চেকপোস্ট বসানো হয়েছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত জেলায় প্রতিটি রাস্তায় তত্পর থাকতে দেখা গেছে। জেলা শহরে সাত জন ও উপজেলা পর্যায়ে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষ লকডাউন বাস্তবায়নে নিয়োজিত রয়েছেন।
এদিকে লকডাউনের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউনের কারণে জেলা থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। পণ্যবাহী ট্রাক বা যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে ওষুধ, মুদিদোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। জেলা শহর, নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার কোথাও তেমন কোনো গাড়ির চাপ ছিল না। কঠোর লকডাউন ঘোষণার পর গত সোমবার বিকেলে জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তত্পর হয়ে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে সচেতন করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, জনসাধারণ আগের তুলনায় অনেক বেশি সচেতন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে গেলে পুলিশ তাদের ঘরে ফেরত পাঠাচ্ছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ‘গত ২৪ ঘণ্টায় ২০২ জনের করোনার নমুনা পরীক্ষায় ৮২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া গত সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।’
