রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় কিশোর নিহত

আপডেট : ২৬ মে ২০২১, ০০:২১

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় রবিউল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ঐ এলাকায় তুমুল ঝড়বৃষ্টি হচ্ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্থানীয়রা। কর্তব্যরত চিকিত্সক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. রাব্বি জানান, ডেমরা কোনাপাড়া এলাকায় একটি দোকানের কর্মচারী ছিল নিহত রবিউল। রাতে ঝড়বৃষ্টির মধ্যে বাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে মারা যায়। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামে। বাবার নাম জাহাঙ্গীর হোসেন। পরিবারের সঙ্গে সে ডেমরা কোনাপারা এলাকায় থাকত।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।