সাভারে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। সোমবার সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহূত একটি মাইক্রোবাস ও মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের পিসি শাহ আলম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃতরা হলো বি.বাড়ীয়া জেলার মো. ইসমাইল হোসেন বাবুল ও মো. কাওছার আহমেদ জয়।
র্যাব জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা বেশ কিছুদিন যাবত্ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।
র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
