মুন্সীগঞ্জ প্রতিনিধি
পদ্মার শিমুলিয়া ঘাটে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে ২ নম্বর ফেরিঘাটের পন্টুন। ভাঙা অংশ কিছুদূর ভেসে গেলেও রশি দিয়ে বেঁধে ও নোঙর করে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে সব ধরনের নৌ-চলাচল বন্ধ রয়েছে। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় কয়েক শ যানবাহন ও কয়েক হাজার যাত্রী।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, ঘাটের পাশেই ভাঙা অংশগুলোকে নোঙর করে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান।
