করোনার কারণে এক রাউন্ড পরই গত বছর স্থগিত হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এক বছর পর ফরম্যাট বদলে নতুন করে আগামী ৩১ মে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে লিগ। ইতোমধ্যে ক্লাবগুলো অনুশীলন শুরু করে দিয়েছে। লিগজুড়ে প্রতিটি দল থাকবে জৈব সুরক্ষা বলয়ে।
আজ থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা পরীক্ষা। শুক্রবার দ্বিতীয় দফা করোনা পরীক্ষা হবে সবার। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া ক্রিকেটাররাই খেলার সুযোগ পাবেন। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে সুরক্ষা বলয়। ঢাকার বিভিন্ন অভিজাত হোটেলে থাকবে দলগুলো।
তবে ফরম্যাট বদলে যাওয়ায় ক্লাবগুলোর অনুরোধে ক্রিকেটারদের পারিশ্রমিক কমানো হচ্ছে। ১০ লাখ টাকার বেশি পাচ্ছেন এমন ক্রিকেটারদের ২০ ভাগ পারিশ্রমিক কমে যাচ্ছে। ১০ লাখের কম যাদের পারিশ্রমিক, তাদের পারিশ্রমিক কর্তন হচ্ছে না।
আলী হোসেন বলেন, ‘ক্লাবগুলো অনুরোধ করেছে। ১০ লাখ টাকার কম যাদের, তাদের পারিশ্রমিক ঠিক থাকছে। শুধু ১০ লাখের বেশি যাদের পারিশ্রমিক, তাদের ২০ ভাগ কাটা হচ্ছে।’
মিরপুর স্টেডিয়াম ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগের খেলা। প্রতিদিন দুই ভেন্যুতে ছয়টি করে ম্যাচ হবে। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের পর প্রিমিয়ার লিগ দিয়েই সরব হবে ঘরোয়া ক্রিকেট।
ইত্তেফাক/এসআই
