২০ সেকেন্ডের টর্নেডোতে ১০০ বাড়ি বিধ্বস্ত

আপডেট : ২৬ মে ২০২১, ২০:৪২

আহত ৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় ২০ সেকেন্ডের টর্নেডোতে বিধ্বস্ত হয়েছে প্রায় ১০০ বাড়িঘর।  ভেঙে পড়েছে শ শ গাছ। ঐ সময় নারী ও শিশুসহ তিন জন আহত হয়েছে। নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের মেম্বার মো. বাদশা বিশ্বাস জানান, মঙ্গলবার বিকাল থেকেই হালকা বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যায়  হঠাত্ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় টর্নেডো। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ টর্নেডোতে আড়মুখী গ্রামের কুটিপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত্ত প্রায় ১০০ মিটারের মতো ব্যাস ধারণ করে দুই কিলোমিটার লম্বা স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে প্রায় ১০০ বাড়িঘর বিধ্বস্ত হয়। উপড়ে যায় শতশত গাছ। টর্নেডোর কবলে পড়ে নারী ও শিশুসহ তিন জন আহত হয়েছে।

ক্ষতিগ্রস্ত গ্রামের বাবলু শেখ বলেন, হঠাত্ করে ঝড় শুরু হলো। কিছু বোঝার আগেই ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে বাড়িঘর উড়ে গেল ও গাছ ভেঙে পড়ে। বাড়িঘর ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। একই এলাকার দোস্তর আলী বলেন, অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ক্ষতি নিরূপণের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও শুকনা খাবার দেওয়া হচ্ছে।