পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২১, ২০:৪৬

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা, রাত ও বুধবার এ দুর্ঘটনা ঘটে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়ায় মঙ্গলবার রাতে বাসের ধাক্কায় ট্রাক্টরের চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন :ট্রাক্টরচালক দেলদুয়ার উপজেলার মোমিন মিয়া (২৮) এবং একই উপজেলার বাঁধন মিয়া (২৪)। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ডি এম জহিরুল ইসলাম বলেন, আইনিপ্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নবীগঞ্জ (হবিগঞ্জ) :ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দেবপাড়া বাজারে বুধবার দুপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলতাব মিয়া (৩৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মজিদ মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানাপুলিশ ও গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠায়। শেরপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

কুলাউড়া (মৌলভীবাজার): কুলাউড়ায় মঙ্গলবার সন্ধ্যায় নির্মাণ প্রতিষ্ঠানের একটি পানিবাহী ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইফুদ্দিন (১৮)। উপজেলার রবিরবাজার সড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুদ্দিন টিলাগাঁও ইউনিয়নের নূরপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। এ সময় তার সঙ্গে থাকা অপর দুইজন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। থানার এসআই পরিমল জানান, ট্যাংকারটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে।