পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় মঙ্গলবার বিকালে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির দায়ে শফিকুল ইসলাম হীরা (২৪) নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুত্ফর রহমান এ দণ্ড দেন। শফিকুল ইসলাম হীরা উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামের ঐ কলেজছাত্রীকে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত শফিকুল ইসলাম। মঙ্গলবার ঐ ছাত্রী বাড়িতে গোসল করছিল। এ সময় কৌশলে সেখানে গিয়ে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। তার চিত্কারে বাড়ির লোকজন আসে, শফিকুলকে আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীসাব্যস্ত হওয়ায় অভিযুক্ত শফিকুল ইসলামকে ঐ দণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্লীলতাহানি করে যৌন হয়রানির অপরাধে ঐ যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
