নরসিংদীতে দেশীয় তৈরি ৬০ লিটার মদসহ চার মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৬ মে ২০২১, ২১:০২

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে দেশীয় তৈরি বাংলা মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এ সময় তাদের দখল থেকে ৬০ লিটার মদ ও মদ বিক্রির টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত ৯টার দিকে নরসিংদী শহরের বাজির মোড়স্থ মাছবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মাধবদী থানার চৈতাব এলাকার করম আলীর ছেলে হুমায়ুন কবির (৫০), নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মন্দীর নাছিরের ছেলে সাকিব (২০), বৌয়াকুরের মতি দাসের ছেলে গোবিন্দ দাস (২২) ও হাজিপুরের রাইমোহন দাসের ছেলে তপন দাস (৪২)। র্যাব-১১-এর সিপিএসসি নরসিংদীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ্ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি আভিযানিক দল নরসিংদী পৌর শহরের বাজির মোড়স্থ মাছবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কৃপা ফিস ট্রেডার্স দোকানের সামনের গলির রাস্তার ওপর হতে চার জনকে চারটি জারিকেন ভর্তি দেশীয় তৈরি বাংলা মদ (চোলাই মদ) সহ আটক করা হয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে দেশীয় তৈরি বাংলা মদ (চোলাই মদ) ক্রয় করে নরসিংদী জেলার সদর এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করত। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।