সরকারি বিধিনিষেধ মেনে গণপরিবহন চালু রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা গণপরিবহন চালানোর চেষ্টা করছি। কিন্তু বিধিনিষেধ মেনে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। সকালে ও বিকালে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন অসম্ভব দাঁড়িয়েছে। সকালে বেশির ভাগ মানুষ অফিসে যান। এ সময় সবাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে চায়।
গতকাল বুধবার জেলা মোটরমালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মসিউর রহমান রাঙ্গা এ কথা বলেন। এ সময় সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি এ কে এম মোজাম্মেল হকসহ পরিবহন মালিকেরা উপস্থিত ছিলেন।
মসিউর রহমান বলেন, একটা গাড়িতে একজন ড্রাইভার, একজন হেলপার ও টিকিট কালেক্টর থাকেন। তারা তো এত যাত্রীদের সামাল দিতে পারেন না। অনেক সময় যাত্রীরা ধাক্কা দিয়ে গাড়িতে উঠে যায়। আমরা সরকারকে বলেছি স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিআরটিএ, পুলিশ, বিজিবি, আনসারের লোকজন দিয়ে মনিটরিং করতে। আমরা তো যাত্রীদের গাড়ি থেকে জোর করে নামিয়ে দিতে পারি না, যাত্রীরা আমাদের লক্ষ্মী। তবে আমরা শ্রমিকদের বলেছি, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য।
তিনি আরো বলেন, করোনায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। লকডাউনে ৮৭ দিন গাড়ি বন্ধ ছিল। এই বন্ধের সময়ে যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমরা গাড়ি না চালালে সরকারকে রাজস্ব দিতে পারব না। এজন্য সরকারের কাছে রাজস্ব মওকুফের আবেদন জানিয়েছি। সরকার থেকে আমাদের প্রণোদনা দেওয়ার কথা। প্রণোদনার টাকা হাতে পেলে প্রত্যেক জেলায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
