কুমিল্লায় পূর্ববিরোধের জের ধরে মনির ফরাজী নামে যুবলীগের নেতাকে গুলি করে হত্যা করতে এসে জনগণের ধাওয়া খেয়ে সায়েম হোসেন নামে এক সন্ত্রাসী অস্ত্র ফেলে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে। এ ঘটনায় গতকাল বুধবার মনির ফরাজী বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে সায়েম হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার টঙ্গিরপাড় গ্রামের আবুল হাসেমের ছেলে সায়েম হোসেন (৩৫) চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। সম্প্রতি তিনি বাড়িতে আসার পর একই গ্রামের আবদুল খালেকের ছেলে এবং ঐ উপজেলার চৌয়ারা ইউনিয়ন যুবলীগের নেতা মনির ফরাজীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে মনির ফরাজী পার্শ্ববর্তী পিপুলিয়া বাজারে গেলে সায়েম হোসেন তার সঙ্গে থাকা পিস্তল দিয়ে তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তিনি চিত্কার করলে বাজারের লোকজন এগিয়ে এসে সায়েম হোসেনকে ধাওয়া করে। এতে সায়েম তার হাতে থাকা পিস্তলটি ফেলে পালিয়ে যায়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘সন্ত্রাসী সায়েমের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।’
