যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসেতে একটি মেট্রো ইয়ার্ডে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। স্থানীয় কাউন্টি শেরিফ সংবাদমাধ্যমে বলেন, এখনই নিহত বা আহতের সংখ্যা স্পষ্ট কিছু বলা সম্ভব হচ্ছে না। সংখ্যা কম-বেশি হতে পারে। পাল্টা গুলিতে নিহত হয়েছে হামলাকারীও। বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা ‘বহু’ বলে উল্লেখ করেছে।
জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে আচমকা এক ব্যক্তি সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির অফিস চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেই একের পর এক গুলিবিদ্ধ হয় সেখানে উপস্থিত লোকজন। সান জোসে মেয়র শ্যাম লিকারডো টুইট করে জানান, ‘খবর পেয়ে তত্ক্ষণাত্ ওই এলাকা খালি করে দিয়েছে পুলিশ। হামলাকারীকে নিয়ে আর কোনও ভয় নেই। পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে।’ হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য নিয়ে এখনও কিছু স্পষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ। ওই ভবনটিতে প্রবেশাধিকার সংরক্ষিত। সংরক্ষিত এলাকায় ওই অফিসের কর্মকরত লোকজন ছাড়া ঢুকতে পারে না। তবে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে বন্দুকধারী সম্ভবত ওই প্রতিষ্ঠানের কোনও কর্মী। কিংবা সে জোর করে সেখানে ঢুকেছিল। রেলওয়ে ট্র্যাকের পাশেই অবস্থিত ওই বিল্ডিং।
