অস্ট্রেলিয়ায় হঠাৎ করেই ইঁদুরের ব্যাপক উৎপাত শুরু হয়েছে। এগুলোর কামড় থেকে বাঁচতে দেশটির কৃষকরা ঘুমানোর সময় তাদের পা বিছানার পাশে বালতি ভর্তি পানিতে রাখছে। দেশের পূর্বাঞ্চলে লক্ষ লক্ষ ইঁদুর একরকম দাঙ্গা চালাচ্ছে। ফসল খেয়ে এবং শস্যের সিলো আক্রমণ করে খামারগুলোতে ব্যাপক ক্ষতি করছে।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেট এক প্রতিবেদনে জানিয়েছে, ফসল ও শস্যের ক্ষতি করাসহ ইঁদুরগুলো হাসপাতাল, স্কুল এবং সুপারমার্কেটেও হানা দিচ্ছে। ফলশ্রুতিতে খাবার ও পণ্য সিল করা পাত্রে রাখতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্টরা।
নিউ সাউথ ওয়েলসের লিভারপুল সমভূমির কৃষক জাভিয়ের মার্টিন দ্য টেলিগ্রাফকে বলেন, ইঁদুরের কামড় থেকে বাঁচতে মানুষজন ঘুমানোর সময় তাদের পা বিছানার পাশে কোনো ঝুড়ি কিংবা পানির পাত্রে রাখছে। তবুও এগুলো ঝাপ দিয়ে বিছানায় উঠে তাদের কামড়াচ্ছে।
প্রধানত নিউ সাউথ ওয়েলসজুড়েই এই সমস্যা বেশি। কিন্তু এখন কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ার বিভিন্ন স্থানেও ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। ইঁদুরগুলো প্রথমে খাবার খেয়ে শেষ করে এবং সেখান থেকে চলে যায়। পরে অন্য জায়গায় গিয়ে একসঙ্গে হামলা করছে। এগুলো হাজার নয়, বরং কোটি কোটি, যোগ করেন তিনি।
ইত্তেফাক/টিএ
