করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ফের ২ লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে শনাক্তের হার বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গতকাল বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। —রয়টার্স
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। ১৪ এপ্রিলের পর ২৫ মে প্রথমবারের মতো ভারতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখের নিচে নেমেছিল, কিন্তু তারপর দুই দিন ধরে দুই লাখেরও বেশি আক্রান্ত পাওয়া গেল। ২৫ মের আগে দেশটিতে টানা অনেক দিন ধরে তিন লাখেরও বেশি রোগী শনাক্ত হয়েছিল, যা মাঝে মাঝে ৪ লাখের সীমাও পেরোয়। শনাক্ত নতুন রোগীদের নিয়ে যুক্তরাষ্ট্রের পর আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট করোনা ভাইরাস রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩। আর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর কোভিড-১৯ মহামারিতে মৃতের সংখ্যায় ?তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ২৩৫ জনের। ১৯ থেকে ২৭ মে পর্যন্ত ভারতে ১৯ লাখের বেশি করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আর একই সময়ে ২৮ হাজারেরও বেশি আক্রান্তের মৃত্যু হয়েছে। টিকাদান কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে ভারত ২০ কোটির মাইলফলক পার করেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই কীর্তি গড়তে যুক্তরাষ্ট্রের ১২৪ দিন লাগলেও ভারতের লেগেছে ১৩০ দিন। যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে ১ কোটি ৩৮ লাখের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে। কিছু শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ২০২১ সালের মধ্যে ভারতকে ৫ কোটিরও বেশি করোন ভাইরাসের টিকা দিতে পারে বলে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে।
