শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফা বাড়ানো হয়েছে। এবার নিয়ে ৪০ দফায় বাড়ল এ সময়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, সাধারণত কোনো কোম্পানির সমস্যার কারণে লেনদেন বন্ধ রাখাতে হলে ১৫ কর্মদিবস বন্ধ রাখা হয়। সে হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে আরো ৩৯ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ছিল। এরপর পর্যায়ক্রমে তা বাড়ছেই। এখনো পর্যন্ত পিপলস লিজিং অবসায়ন না হওয়া এভাবেই চলছে। এখনো কয়েক দফা বন্ধের মেয়াদ বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
