করোনা মহামারির এই দুঃসময়ে বলিউড তারকারা শুরু থেকেই সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর্থিক সহযোগিতার পাশাপাশি সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় এবার সাধারণ মানুষকে সচেতন করতে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ৫ পর্বের একটি পডকাস্ট সিরিজ শুরু করতে যাচ্ছেন। ‘ভ্যাকসিনেট ইন্ডিয়া’ শিরোনামের এই সিরিজটিতে করোনা প্রতিরোধক ভ্যাকসিন সম্পর্কে সচেতনতার কথা তুলে ধরা হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করে আলিয়া এই ঘোষণা দেন। সিরিজটি আলিয়ার প্রাডাকশন হাউজ ইটার্নাল সানসাইন প্রডাকশন ও পডকাস্ট নেটওয়ার্ক অডিওমেটিক যৌথভাবে নির্মাণ করবে। সিরিজটিতে আলিয়া ডাক্তারের সঙ্গে বসে ভ্যাকসিন ও করোনা সম্পর্কে নানা তথ্য দর্শকদের সামনে উপস্থাপন করবেন। আলিয়া বলেন, ‘করোনা মোকাবেলায় বিজ্ঞান আশীর্বাদ হয়ে এসেছে। ভ্যাকসিন আমাদের আশার আলো দেখাচ্ছে। কিন্তু ভ্যাকসিন নিয়ে এখনো অনেকে দ্বিধায় রয়েছেন। অনেক ভুল ধারণা মনে পোষণ করছেন। নানা ধরনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমার এই সিরিজের মাধ্যমে মানুষের সেই ভ্রান্ত ধারণাগুলো দূর করার চেষ্টা করবো। পাশাপাশি কোথায় থেকে এবং কীভাবে ভ্যাকসিন গ্রহণ করা যাবে সে বিষয়েও সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা থাকবে।’
