দেশে গত এক দিনে আরো ১ হাজার ২৯২ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ২২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৪৮০ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ১ হাজার ২৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাত্ একদিনে শনাক্ত ও সুস্থতার সংখ্যা কাছাকাছি। দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮৬টি ল্যাবে ১৫ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ৮৭ হাজার ২৬৮টি নমুনা। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ লাখ ২ হাজার ৪৭৯টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৮৪ হাজার ৭৮৯টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ১৪ জন পুরুষ আর নারী আট জন। তাদের ১৮ জন সরকারি হাসপাতালে, চার জন বেসরকারি হাসপাতালে মারা যান। তাদের মধ্যে ১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং এক জনের ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে পাঁচ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের, পাঁচ জন রাজশাহী বিভাগের, দুই জন বরিশাল বিভাগের, তিন জন সিলেট বিভাগের এবং দুই জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৪৮০ জনের মধ্যে ৯ হাজার ১৯ জন পুরুষ এবং ৩ হাজার ৪৬১ জন নারী।
