জাবিতে নির্মাণাধীন হল থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২১, ০০:০৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন আবাসিক হল থেকে পড়ে শাহের আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ রফিক-জব্বার হলসংলগ্ন স্থানে নির্মাণাধীন ২২ নম্বর হলে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ইত্তেফাককে এ বিষয়টি নিশ্চিত করেন।

আ স ম ফিরোজ উল হাসান ইত্তেফাককে বলেন, নির্মাণাধীন হল থেকে পড়ে শ্রমিক আহত হওয়ার ঘটনা শুনতে পেয়ে আমরা তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। সে সময় তিনি বেঁচে ছিলেন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে পাঠানোর কিছুক্ষণ পর জানতে পারি তিনি মারা গেছেন।