পশ্চিমবঙ্গে লকডাউন বাড়ল ১৫ জুন পর্যন্ত

আপডেট : ২৮ মে ২০২১, ০০:১৫

ভারতের পশ্চিমবঙ্গে চলমান লকডাউনের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন, আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে সব বিধিনিষেধ জারি থাকবে। আগে যেসব বিধিনিষেধ জারি ছিল, সেগুলোর মেয়াদই বাড়ানো হয়েছে। আনন্দবাজার পত্রিকা জানায়, বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মমতা বলেন, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বের হবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি গয়নার দোকান যে রকম নিয়ম মেনে খুলছিল সে রকমই খুলবে। শুধু জুট মিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে নির্মাণকাজে যুক্ত শ্রমিকদের টিকা নেওয়া হয়ে গেলে তারা কাজ করতে পারবেন। উল্লেখ্য, গত ১৫ মে থেকে পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হয়েছে।