কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে টেস্টে বাংলাদেশকে সিরিজ হারিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ সফরে এসে ওয়ানডেতে সংগ্রাম করছে লঙ্কানরা। দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো সফরকারীদের সামনে এখন হোয়াইটওয়াশের চোখ রাঙানি।
বাংলাদেশের কাছে প্রথম বার সিরিজ হেরে সমালোচনার মুখে পড়েছে শ্রীলঙ্কা দল। দেশটির সাবেক অধিনায়ক, মাতারা হারিকেন খ্যাত সনাথ জয়াসুরিয়া সিরিজ হারের সমালোচনা করে টুইট করেছেন।
গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে অনেক প্রশ্নের জবাব দিতে হলো কোচ মিকি আর্থারকেও। কয়েক জন সিনিয়রকে বাদ দিয়ে দল গঠন, ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা সবিস্তারে ব্যাখ্যা করেছেন তিনি। যেন কলম্বোয় সংবাদ সম্মেলন করছিলেন আর্থার!
মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে চায় শ্রীলঙ্কা। গতকাল লঙ্কান কোচ বলেছেন, ‘প্রতিটি ম্যাচই ১০ পয়েন্ট। আমরা এখানে ভালোভাবে শেষ করতে চাই। নিয়ন্ত্রিত পারফরম্যান্স চাই কাল (আজ)। আমরা জয় নিয়ে ঘরে ফিরতে চাই।’ আজ দলটির একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলার একাদশে ফেরাটা প্রায় নিশ্চিত।
মূলত সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের অভিজ্ঞতাই ব্যবধান গড়ে দিচ্ছে এ সিরিজে। এমনটাই মনে করেন আর্থার। তিনি বলেছেন, সাকিব, তামিম, মুশফিক ২০০-র বেশি ম্যাচ খেলেছে। মাহমুদউল্লাহও ২০০-র কাছাকাছি। সঙ্গে মুস্তাফিজ, মিরাজ আছে। তারা নিজেদের কন্ডিশনে খুব ভালো দল। আমরা কঠিন প্রতিদ্বন্দ্বিতাই আশা করেছিলাম বাংলাদেশের কাছে। তারা সত্যিই তা দিয়েছে আমাদেরকে।’
বাংলাদেশের স্পিনের বিপক্ষে লঙ্কান ব্যাটসম্যানদের ব্যর্থতা অবাক করছে লঙ্কান কোচকে। কারণ নেটে ভালো খেললেও ম্যাচে মিরাজদের সামলাতে পারছেন না মেন্ডিস-নিশাঙ্কারা। আর্থারের আশা, আজ শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিবেন তারা।
প্রথম ম্যাচে ২২৪, দ্বিতীয় ম্যাচে ১৪১ রান তুলেছিল শ্রীলঙ্কা। আর্থারের চোখে, ব্যাটিংই ডুবিয়েছে দলটিকে। গতকাল তিনি বলেছেন, ‘আমরা ফিল্ডিং, বোলিং খুব ভালো করেছি। শুধু ব্যাটিং আমাদের ডুবিয়েছে। আমাদের আরও কিছুটা স্বাধীনতা, সামর্থ্যের প্রতি বিশ্বাস নিয়ে খেলতে হবে। কালকের (আজ) ম্যাচে আমরা আরও কয়েক জনকে দেখব। এসব খেলোয়াড়দেরকে জানতে হবে আমাদের। এখানে ম্যাচ জিততে সেরা কম্বিনেশন খুঁজে পেতে কাজ করতে হবে।’
কদিন আগে দুই বার করোনা পজিটিভ হওয়া শিরান ফার্নান্দো নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। সিরিজ শেষে আগামী ৩০ মে বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা দল।
ইত্তেফাক/এমআর
