সিরাজদিখানে শিল্পপতির বাড়িতে হামলা, ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

আপডেট : ২৮ মে ২০২১, ১৬:০৮

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন চর খাসকান্দি গ্রামে বৃহস্পতিবার (২৭ মে) গভীর রাতে শিল্পপতি জহিরুলের বাড়িতে হামলা চালিয়ে তার ছোট ভাই সানাউল্লাহ সানুকে (৫২) এলোপাতারি কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত সানাউল্লাহর অবস্থা গুরুতর। শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

সিরাজদিখান থানার ওসি বোরহান উদ্দিন জানান, বৃহস্পতিবার গভীর রাতে সাত আটজন মুখোশ পড়া অবস্থায় সানাউল্লাহ’র মাথায় চাপাতি দিয়ে আঘাত করে। একপর্যায়ে সানাউল্লা’র মুখ গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে সানাউল্লাকে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত করে। এসময় সানাউল্লাহর স্ত্রী চিৎকার করলে তার উপরও হামলার চেষ্টা করে। পরে আশেপাশের বাড়ির লোকজন চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত সানাউল্লাহ’র স্বজনরা জানান, সানাউল্লাহর ভাই জহিরুল একজন শিল্পপতি। এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় অনেক সম্যার সমাধান করেন জহিরুল ও সানাউল্লাহ। ধারণা করা হচ্ছে পুরোনো কোনও দ্বন্দ্বের কারণে হত্যার উদ্দেশ্যে সানাউল্লাহ’র উপর এমন হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সিরাজদিখান থানার ওসি মো. বোরহান উদ্দিন আরো জানান, রাতে প্রথমে শুনেছিলাম যে শিল্পপতি জহিরুলের বাড়িতে ডাকাতি হচ্ছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ যাওয়ার পর জানা গেছে, সানাউল্লাহকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এসজেড