স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জয়নাল আবেদীন (৮০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার একটি শ্রেণিকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জয়নাল একই এলাকার বাসিন্দা। জয়নালের ছেলে কাশেম জানান, তার বাবা প্রতিদিন সকাল সাড়ে ৫টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেন। কিন্তু শুক্রবার সকাল ৭টা বেজে গেলেও বাড়ি ফিরে আসেননি। তাই খোঁজ নিতে মাদ্রাসায় গিয়ে তার বাবার লাশ দেখতে পান। মাদ্রাসার সুপার জাহিদুর রহমান জানান, তাদের নৈশপ্রহরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার কারণে প্রতিদিন রাত ১০টার পর থেকে জয়নাল দায়িত্ব পালন করতেন। তবে তাকে হত্যা করা হলেও প্রতিষ্ঠানের কোনো কিছুই চুরি হয়নি। শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন বলেন, ছেলের পরিবর্তে রাতে মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন জয়নাল। রাতের কোনো এক সময় তার গলা ও পেটে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়। হত্যার কারণ ও জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি। অভিযান চলছে।
