সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামে বৃহস্পতিবার বিকালে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ শুভ (১৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতারপাইয়া গ্রামের বাবু ডাক্তারের বাড়িতে। শুভ ঐ এলাকার মো. খোকনের ছেলে।
ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে জানান, ঘটনার দিন বিকালে উপজেলার ছাতারপাইয়া গ্রামের মজিবুল হক চেয়ারম্যানের বাড়ির কবরস্থানের গাছ কাটছিল শুভ। এ সময় সে গাছের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
