জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের লাশ

আপডেট : ২৮ মে ২০২১, ২১:১০

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের ১২ ঘণ্টা পর বাড়ির পাশের জঙ্গলে টিলার গভীর খাদ থেকে মো. আবুল বাশার (৩৮) নামের এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাংলা টিলা (পাঞ্জাবি টিলা) এলাকায় নিজ বাড়ির পাশের জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল বাশার বাংলা টিলা এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। প্রতিদিনের মতোই কাজ শেষে বৃহস্পতিবার বিকালে পার্শ্ববর্তী খেদাছড়া বাজারে যান মো. আবুল বাশার। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরের দিন শুক্রবার সকালে বাড়ির পাশের জঙ্গলে তার লাশ পাওয়া যায়। মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।