শায়েস্তাগঞ্জে র্যাব পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার তিন

আপডেট : ২৮ মে ২০২১, ২১:১০

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে র্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিকাশের মাধ্যমে চাঁদাবাজির দায়ে তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১-এর একটি দল হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের মো. কাউছার মিয়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনীপাড়া গ্রামের মো. ফয়সল শাহ ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মো. কামাল মিয়াকে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ র্যাব-৯ সিপিসি-১-এর কমান্ডার সিনিয়র এএসপি এ. কে. এম কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা র্যাব অফিসারের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নিরীহ মানুষকে হুমকি দিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করে আসছিল।