কালীগঞ্জের সেই ইউপি সদস্যসহ পাঁচ জনের বিরুদ্ধে জিডি

আপডেট : ২৮ মে ২০২১, ২১:২৩

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

কালীগঞ্জে ইউপি সদস্য নাজমুল শেখের নেতৃত্বে বিধি বহির্ভূতভাবে কৃষিজমি ও শীতলক্ষ্যা নদী পাড়ের মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রির অভিযোগ ওঠে। অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে পল্লী বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের বেশ কিছু খুঁটি। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনুসন্ধ্যানী প্রতিবেদন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয় হয়। তার জেরে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটির গোড়ার মাটি কেটে নেওয়া সেই ইউপি সদস্যসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে স্থানীয় পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ।

 বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক। তবে এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা। অভিযুক্তরা হলেন জামালপুর গ্রামের আবদুল সাদেক শেখের ছেলে নাজমুল শেখ, আনিছ মোড়লের ছেলে আলম মোড়ল, মৃত আবেদ আলী বেপারীর ছেলে আলমগীর বেপারী, মৃত জালাল উদ্দিন মোড়লের ছেলে নয়ন মোড়ল ও মৃত শাহজাহান মোড়লের ছেলে সাখাওয়াত মোড়ল।