ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে বাঁধের যে ক্ষতি হয়েছে তা সংস্কারে উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে পানিসম্পদ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে মাঠে কাজ করছে। শুক্রবার নড়িয়ায় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সাংবাদিকদের এ কথা বলেন।
নড়িয়া-জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষাবাঁধ পরিদর্শনে এসে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও উপমন্ত্রী আরো বলেন, ইয়াস মোকাবিলায় ও ক্ষতি কাটিয়ে উঠতে সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। যে কারণে উপকূলীয় অঞ্চলসহ নদীপ্রধান অঞ্চলে তেমন কোনো ক্ষতি হয়নি। যেটুকু ক্ষতি হয়েছে তা মোকাবিলায় সরকারি সংস্থা কাজ করছে।
উপমন্ত্রী আরো বলেন, শরীয়তপুর পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদীর তীরে অবস্থিত। সারা বছর জুড়ে এ অঞ্চলের মানুষ নদী ভাঙনে কষ্ট করেন। ভাঙন রোধ করে তাদের কষ্ট লাঘব করা হবে। জেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভাঙন রোধে অন্তত ২ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প চলছে।
পরে উপমন্ত্রী নড়িয়া বিহারি লাল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট উদ্বোধন করেন। এ ছাড়া তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চল ফরিদপুরের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম, শরীয়তপুর পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় উপস্থিত ছিলেন।
