সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে সাত বছরের জন্য নির্বাচিত হয়েছেন বাশার আল আসাদ। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ভোটদানের হার ছিল ৭৮ দশমিক ৬ শতাংশ। প্রেসিডেন্ট আসাদ পেয়েছেন ৯৫ দশমিক ১ শতাংশ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ সালৌম আবদুল্লাহ ও মাহমুদ আহমেদ মারি পেয়েছেন যথাক্রমে ১ দশমিক ৫ শতাংশ ও ৩ দশমিক ৩ শতাংশ ভোট। সিরিয়ার বিরোধী দলগুলো এটিকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করেছেন। আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। অন্যদিকে প্রেসিডেন্ট আসাদ পশ্চিমাদের সমালোচনা করে বলেছেন, পশ্চিমাদের মতামত ‘শূন্য’ হিসেবেই বিবেচনা করা হবে।
৫৫ বছর বয়সি আসাদ ২০০০ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা হাফিজ আল আসাদ প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করেছেন। তার পর দায়িত্ব নিয়েছিলেন তিনি।
দেশ জুড়ে লড়াইয়ের মধ্যে ২০১৪ সালে সেখানে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা বিরোধীরা বর্জন করেছিল। এরপর থেকেই যুদ্ধ পরিস্থিতি আসাদের অনুকূলে যেতে থাকে এবং রাশিয়ার বিমান হামলা আর ইরানের সামরিক সহযোগিতায় বড় শহরগুলোতে সরকারি বাহিনী আবারও কর্তৃত্ব স্থাপনে সক্ষম হয়। তবে দেশটির বড় একটি অংশ এখনো বিদ্রোহী, জিহাদি ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর নিয়ন্ত্রণে এবং সংঘাতের রাজনৈতিক সমাধান এখনো দেখা যাচ্ছে না।
