রাজশাহী মেডিক্যাল

করোনা ওয়ার্ডে এক দিনে ৯ জনের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২১, ২২:১৩

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ড ও আইসিউতে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে ৯ জন মারা গেছে তাদের চার জনের করোনা পজিটিভ এবং অপর ছয় জনের করোনার উপসর্গ ছিল। উপসর্গ থাকাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু পরীক্ষার আগেই চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন, রাজশাহীর তিন জন, নাটোরের এক জন রয়েছেন।

এরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শীশ মোহাম্মদ, লুত্ফর রহমান, লাল মোহাম্মদ, গোলেসা বিবি ও নজরুল ইসলাম। রাজশাহী মহানগরীর শরিফ হোসেন, হুমায়ুন কবির ও বাগমারার আব্দুর রহমান। নাটোরের মোহনপুর এলাকার আবুল কাশেম।