কিশোরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পিতা-পুত্রসহ তিন জন মারা গেছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার জালিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো : উক্ত গ্রামের ইটাভাটার শ্রমিক হারুণ-অর-রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৪) এবং তার ভাতিজা আবু সাঈদ (১০)। আবু সাঈদ প্রতিবেশীর বাড়ির পেছনে সাইকেল চালানোর সময় একটি ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে প্রথমে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। তার চিত্কার শুনে তাকে বাঁচাতে হারুণ-অর-রশীদ ও বাবলু এগিয়ে এলে তারাও বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তিন জনকে উদ্ধার করে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক সবাইকে মৃত ঘোষণা করেন।
