কাপ্তাইয়ে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২১, ০০:০৮

কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম সিটি কলেজের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলেজছাত্র তন্ময় দাশ (১৯) চট্টগ্রামের টাইগার পাস এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ১০ বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে আসেন। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে বিকালে তারা চন্দ্রঘোনা কয়লার ডিপো নামক স্থান থেকে একটি ইঞ্জিন বোটে চড়ে নৌবিহারে বের হন। একপর্যায়ে তারা সীতারঘাট নামক স্থানে (সীতা মন্দিরসংলগ্ন) এসে নদীতে গোসল করতে নামেন। এ সময় তন্ময় পানিতে তলিয়ে যায়। তাত্ক্ষণিক অনেক খোঁজাখুঁজি করা হলেও তন্ময় দাশের কোনো সন্ধান পাওয়া না গেলে খবর দেওয়া হয় বানৌজা শহিদ মোয়াজ্জম ঘাঁটির ডুবুরি দলকে। ঘাঁটির সাব লে. এস এম বি হোসেনের নেতৃত্বে ৯ জন কর্ণফুলী নদীতে তল্লাশি চালানোর প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে ডুবুরিদল তন্ময় দাশকে উদ্ধার করতে সক্ষম হন। পরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।