সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ২৯ মে ২০২১, ০০:০৯

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজিডের একটি পোশাক কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক গতকাল শুক্রবার বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। শ্রমিকরা সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ডেমরা-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের আদমজী ইপিজেডের প্রধান গেটের সামনে অবস্থান নেয় ও বিক্ষোভ করে। সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে শ্রমিকরা বিক্ষোভ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আদমজী ইপিজেডের কুনতুম অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) গত ১০ আগস্ট হঠাত্ দুই দিনের ছুটি ঘোষণা করে। সেই বন্ধ বাড়াতে বাড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। শ্রমিকদের আন্দোলনের মুখে মালিকপক্ষ ৫ হাজার টাকা করে পাঁচ মাসের বেতন পরিশোধ করলেও পরে তা বন্ধ করে দেয়। এদিকে অভিযোগ রয়েছে—শ্রমিকদের অবরোধের ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের বাধা প্রদান করেন ইপিজেডে কর্মরত আনসার সদস্যরা। 

এ বিষয়ে আদমজী ইপিজেডের জিএম আহসান কবির জানান, মালিকপক্ষ আগামী ১২ তারিখ শ্রমিকদের জমাকৃত টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন।