নকল কসমেটিক্স উত্পাদনের দায়ে ৯ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৯ মে ২০২১, ০০:০৯

ঢাকার কেরাণীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্য উত্পাদন, মজুদ ও বিক্রি করার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত জড়িতদেরকে ৯ লাখ টাকা জরিমানা করেছে। দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

র্যাব জানায়, গত বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উত্পাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে আরিফ কসমেটিক্সকে তিন লাখ টাকা, দিশা মনি কসমেটিক্সকে এক লাখ টাকা, সোনারগাঁও বেভার্জ এন্ড ফুড প্রোডাক্টকে তিন লাখ টাকা, অপরুপা ফুডকে ৫০ হাজার টাকা, ডেইনটি ডেইরি ফার্মকে ৫০ হাজার, জারিফ দধি বন্দরকে ৫০ হাজার ও টিসুনামী ফুড  প্রোডাক্টকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সোনিয়া লজেন্স ও চায়না  ব্রেড বেকারী নামের দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে প্রায় ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের অনুমোদনহীন নকল কসমেটিক্স, নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।