শ্রীলঙ্কায় সেই জাহাজের তেলে সয়লাব সৈকত

আপডেট : ২৯ মে ২০২১, ২০:০৮

গত এক সপ্তাহ ধরেই দাউ দাউ করে জ্বলছিল সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক্স-প্রেস পার্ল। শ্রীলঙ্কা উপকূলে বিশাল এই পণ্যবাহী জাহাজটিতে আগুন লেগে গিয়েছিল। এবার সেই জাহাজের তেল আর ধ্বংসাবশেষ ভেসে এসে সয়লাব হলো সমুদ্র সৈকত। শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের জনপ্রিয় পর্যটনস্থল ‘নেগোম্বো’র সৈকত ধ্বংসাবশেষে ছেয়ে যাওয়ার ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এক্সপ্রেস পার্ল বহন করছিল বিভিন্ন রাসায়নিক ও প্রসাধন সামগ্রী। আট দিন ধরে জাহাজটি আগুনে পুড়েছে। দুর্ঘটনার কারণে সম্ভাব্য পরিবেশ বিপর্যয় ঠেকাতে উদ্ধার বিশেষজ্ঞ ও ভারতীয় নৌবাহিনীর সঙ্গে মিলে আগুন নেভানোর কাজ করছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তবে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উত্তাল সমুদ্রে উদ্ধারকাজ ঠিকমতো চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। জাহাজটি ডুবে গেলে শত শত টন তেলের কারণে বিপর্যয়ের মুখে পড়বে সাগরের নিচের জীববৈচিত্র্য। শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান দয়া রত্নায়েক জানান, আগুন এখন নিয়ন্ত্রণে এলেও প্রচণ্ড উত্তপ্ত থাকার কারণে জাহাজটির কাছে যেতে পারছে না উদ্ধারকারীরা। শ্রীলঙ্কার নৌবাহিনী জাহাজটিকে আরো গভীর সমুদ্রে নিয়ে যেতে চায় জানিয়ে রত্নায়েক বলেন, আগে বিশেষজ্ঞদের কাছ থেকে জাহাজটির গড়ন পরীক্ষা করে জানাতে হবে আদৌ সেটি গভীর সমুদ্রে নেওয়া সম্ভব কি না।-বিবিসি