বেশকিছু নতুন মডেলের এসএসডি বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। সাটা এবং এম ডট টু এনভিএমই দুই ফর্ম ফ্যাক্টরের এই এসএসডিগুলোর প্রধান আকর্ষণ হচ্ছে ডির্যাম ক্যাশ। ফলে এগুলো কম্পিউটারের দ্রুতগতি নিশ্চিত করবে। রিড ও রাইট স্পিড হবে অনেক বেশি। উল্লেখ্য, কম্পিউটারের প্রধান স্টোরেজ হিসেবে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। পুরনো হার্ড ডিস্ক ড্রাইভের পরিবর্তে স্টোরেজ হিসেবে এখন প্রায় সব কম্পিউটারেই এসএসডি ব্যবহূত হচ্ছে। এর কারণ এসএসডিতে রিড ও রাইট স্পিড অনেক বেশি। ফলে কম্পিউটারের সব কার্যক্রম দ্রুততর হয়। অপারেটিং সিস্টেমের বুটের গতি অনেক বেড়ে যায়। বিশ্বব্যাপী জনপ্রিয় এই স্টোরেজ ডিভাইসটি বেশ কয়েক বছর ধরেই নিজস্ব ব্যবস্থাপনায় উত্পাদন ও বাজারজাতকরণ করে আসছে ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ওয়ালটনের মেমোরি ডিভাইস ব্র্যান্ড ‘অ্যান্টিক’ এর প্যাকেজিং এ ইতোমধ্যে ২.৫ ইঞ্চির সাটা ৩ (SATA III), এম ডট টু (M.2 SATA III) এবং এম ডট টু এনভিএমই (M.2 NVMe) এই ৩টি ফর্ম ফ্যাক্টরে বিভিন্ন ধারণক্ষমতার এসএসডি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আরও উন্নতমানের সর্বাধুনিক প্রযুক্তির স্টোরেজ ডিভাইস বাজারে ছেড়েছে ওয়ালটন। ওয়ালটন সূত্রে জানা গেছে, ডির্যাম ক্যাশ ছাড়া ২.৫ ইঞ্চি সাটা ৩ এসএসডি ১২৮, ২৫৬ ও ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট আকারে পাওয়া যাচ্ছে। দাম ২,২৫০ টাকা থেকে ১০,৯৫০ টাকার মধ্যে। ডির্যাম ক্যাশসহ একই ক্যাটাগরির ২৫৬ এবং ৫১২ গিগাবাইট এসএসডির মূল্য যথাক্রমে ৪,৪৫০ এবং ৬,৭৫০ টাকা। আর একই ধারণক্ষমতার সাটা এম ডট টু এসএসডির দাম যথাক্রমে ৩,২৫০ এবং ৫,৯৫০ টাকা।
