ওটিটি প্লাটফর্ম তারকাদের আগ্রহ বদল!

আপডেট : ২৯ মে ২০২১, ২০:৩৫

তারিফ সৈয়দ

 

তারকাদের ভেতরে নতুন আগ্রহের জায়গা এখন ওটিটি প্লাটফর্ম। মাত্র কয়েক বছর আগে চলচ্চিত্রে কাজের জন্য যে বাড়তি কৌতুহল বা আলোচ্য ছিল সেটিই এখন ওটিটিতে প্রভাব পড়েছে। এর কারণ দর্শকদের অভ্যেস। সম্প্রতি এক সাক্ষাত্কারে চঞ্চল চৌধুরী বলেন, ‘মানুষ এখন গল্প দেখতে চায়। ভালো গল্পের চিত্রায়ণে বিনোদিত হতে চায়। সেক্ষেত্রে ওটিটি প্লাটফর্ম এখন তারকাদের মূল আগ্রহের জায়গা। কারণ এখানে বাজেট ভালো। সুতরাং একজন পেশাদার অভিনেতা নিজের কাজেও সন্তুষ্ট থাকে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টিভি নাটকে যে ধরা-বাঁধা বাজেটের কথা চলছিল তা থেকে একদম বেরিয়ে এসেছে নির্মাতারা। নির্মাতারা এখন ওটিটি প্লাটফর্মে স্বাধীনভাবে কাজ করতে পারছে। আর ভাষাগত দিক থেকে সামঞ্জস্য থাকায় ভারতীয় ওটিটি প্লাটফর্মে এখন দেশীয় তারকাদের চাহিদা তুঙ্গে। বিশেষ করে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের প্রতি ভীষণ মুগ্ধতা রয়েছে দুই বাংলার দর্শকদের।

এর বাইরে গত কয়েক বছরে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। তা বদলে গিয়ে এখন সেই আগ্রহ আর উচ্ছ্বাসের পরিমাণ কমেছে। কারণ সিনেমা হলে গিয়ে স্বাস্থ্যবিধির নানা নিয়ম-নীতি বাইরে মূলত দর্শক হয়ে গেছেন ডিভাইসভিত্তিক। সে কারণেই এই অতিমারি কারো কারো কাছে শাপেবর হয়েছে।

অতি সম্প্রতি ভারতের প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির নির্মাণে কাজ করেছেন বাঁধন। এর বাইরে বিদ্যা সিনহা মীম, জাকিয়া বারি মম, মিথিলাসহ তারকারা জি ফাইভ, হৈচৈসহ একাধিক ওটিটি প্লাটফর্মে কাজ করেছেন।

ওটিটির সুবিধা-অসুবিধা নিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এটা একটা ভালো কাজের প্লাটফর্ম। তবে আমাদের এখানে আন্তর্জাতিক বাজার ধরতে হলে নিজেদের ভেতরে সংকীর্ণতা দূর করতে হবে। দৃশ্যায়ণের ক্ষেত্রেও উদার হওয়ার প্রয়োজন আছে।

অন্যদিকে অনিমেষ আইচ, সকাল আহমেদসহ একাধিক নির্মাতা এর দ্বিমত পোষণ করলেও বাণিজ্যের ব্যাপারে দেশীয় কালচার প্রকাশ করেও ওটিটি প্লাটফর্মে দারুণ কিছু প্রডাকশন দেওয়া সম্ভব বলে মনে করেন। এদিকে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া বেশকিছু বিতর্কিত ধারাবাহিক অশ্লীল ডায়লগের কারণে বিতর্কিত হলেও জনপ্রিয় পায়। সেক্ষেত্রে এই ধরনের সস্তা জনপ্রিয়তার ওপরে ভর করে এগুলো কখনোই তারকা, ইন্ডাস্ট্রি দীর্ঘমেয়াদে টিকবে না বলেই মত প্রকাশ করেন অধিকাংশ নির্মাতা। তাই ওটিটি প্লাটফর্ম এখন তারকাদের নতুন আগ্রহের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।