ঈদের ছুটিকে কেন্দ্র করে আন্দোলনকারী শ্রমিকদের হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক ক্ষতির শিকার হওয়া স্টারলিং ডিজাইনস লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি দেওয়ার অভিযোগে কালিয়াকৈর থানায় একটি জিডি করেছেন ফ্যাক্টরি কর্তৃপক্ষ।
জিডি সূত্রে জানা যায়, গেল ঈদুল ফিতরে শ্রম প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্টারলিং ডিজাইনস লিমিটেড কর্তৃপক্ষ ঈদের তিন দিনের ছুটির সঙ্গে মিলিয়ে আরো পাঁচ দিন সমন্বয়ের মাধ্যমে আট দিন ছুটি ঘোষণা করেন; কিন্তু কিছু কর্মচারী ১০ দিন ছুটির দাবিতে কাজে যোগদান না করে ফ্যাক্টরিতে ব্যাপক ভাঙচুর করে। পরে ফ্যাক্টরির ম্যানেজমেন্ট ভাঙচুরের ভিডিও ফুটেজ দেখে ৪৮ শ্রমিককে প্রাথমিকভাবে শনাক্ত করে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করে; কিন্তু চাকরিচ্যুত শ্রমিকরা আবারও ফ্যাক্টরিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন স্টারলিং ডিজাইনস লিমিটেড কর্তৃপক্ষ। —প্রেস বিজ্ঞপ্তি
