বাসে তরুণীকে গণধর্ষণ :শাস্তি দাবি জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

গত ২৮ মে আশুলিয়ায় বাসে পোশাক শ্রমিক  তরুণীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার ও সম্পাদক নাসিমা আক্তার জলি স্বাক্ষরিক এক বিবৃতিতে এ কথা জানানো হয়। জানা যায়, টহল পুলিশ বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার  ও ছয় ধর্ষককে আটক করে । এ ঘটনায় ২৯ মে ভুক্তভোগী থানায় মামলা করলে তার প্রেক্ষিতে ঐ ছয় জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে যানবাহনে এমন  ঘটনা প্রতিরোধে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে ফোরাম।  সংগঠনটি মনে করে, এই ঘটনার যথাযথ বিচার না হলে দিনদিন এমন ঘটনা বাড়তেই থাকবে। নারীদের স্বাভাবিক চলাচলকে দুর্বিষহ করে তুলবে।