শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় বাঘ হত্যা মামলার পলাতক আসামি হাবিব তালুকদারকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ভোররাতে উপজেলার সোনাতলা গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। হাবিব ঐ গ্রামের কদম আলী তালুকদারের ছেলে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, বাঘসহ বন্যপ্রাণী হত্যার তিনটি মামলার আসামি হাবিবের বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে শনিবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
সাতকানিয়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডসহ ১১ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আরমানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের কলঘর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান কেওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাদারবাড়ী এলাকার হাচি মিয়ার ছেলে। সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডসহ ১১ মামলার পরোয়ানাভুক্ত আাাসামি মো. আরমানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
