ঈশ্বরদীতে বাসা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৩

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ঈশ্বরদী বাজারের এক কাপড় ব্যবসায়ীর লাশ তার ভাড়াবাসা হতে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সরকারি কলেজের সামনে রূপনগরের গলির (মাহাতাব কলোনি) বাসা হতে তার লাশ উদ্ধার করা হয়। শাকিল ওরফে ভোলা (৩২) নামের এই যুবক মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরের দুবলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী এবং ছোট ভাই ছাব্বিরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান নিহতের স্ত্রী মীমের বরাতে জানান, দুই জন লোক বাসার দরজায় নক করলে সে দরজা খুলে দেয়। আগতরা এ সময় তাকে চড় ও লাথি মারলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে বাইরে থেকে বন্ধ করে দেওয়া দরজার কাছে গিয়ে শব্দ করলে বাড়িওয়ালা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পরে শোবার ঘরে গিয়ে বিছানার ওপর শাকিলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর কীভাবে হত্যা করা হয়েছে তা পরিষ্কার হবে।