সায়েম সোবহানসহ শেখ রাসেলে ৩০ পরিচালক নির্বাচিত

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

শেখ রাসেল ক্রীড়া চক্রের তিন বছরমেয়াদি নির্বাচনে ৩০ পরিচালক নির্বাচিত হয়েছেন। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় কনভেনশন সেন্টারে শেখ রাসেলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের পরিচালক পর্ষদের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর পুনরায় পরিচালক নির্বাচিত হন। ৩০ পরিচালকের মধ্য হতে চেয়ারম্যান নির্বাচিত হবে। নির্বাচনে সায়েম সোবহান বলেন, ‘শেখ রাসেলকে আরো শক্তিশালী ফুটবলে গড়ে তুলতে হবে। বসুন্ধরা কিংস যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে শেখ রাসেল ক্রীড়া চক্র এগিয়ে যাবে।’ প্রধান নির্বাচন কমিশনার এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ৩০টি পরিচালক পদে প্রার্থী ছিলেন ৬০ জন। ভোটার  ৯৮ জন, ভোট দিয়েছেন ৮৮ জন। ৮৪ ভোট বৈধ হলেও সবকটি পদে ভোট না দেয়ায় নষ্ট হয়েছে চার ভোট। হান্ড্রেড পার্সেন্ট ভোট পেয়ে তিন পরিচালক নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন ইমরুল হাসান। এদের মধ্যে রয়েছেন সায়েম সোবহান আনভীর (৮৪), নঈম নিজাম (৮৪) এবং ইমদাদুল হক মিলন (৮৪)। শেখ রাসেলের নির্বাচনে অংশগ্রহণ করে ব্যর্থ হয়েছেন বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মুহি (২২)।